আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সক্রিয় হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। দলটির নেতারা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা ও সাংগঠনিক সাফল্য স্থানীয় সরকার নির্বাচনেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে নারী সংগঠকদের তৎপরতা দলীয় প্রার্থীদের পক্ষে জনসমর্থন বাড়াতে সহায়ক হবে।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। নারী কর্মীরা নিয়মিত উঠান বৈঠক, পরিবারভিত্তিক মতবিনিময়, দাওয়াতি কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থী বাছাই ও স্থানীয় নির্বাচনী পরিবেশ মূল্যায়নেও তাঁদের সম্পৃক্ত করা হচ্ছে।
জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও মহিলা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। তিনি জানান, আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলের সব ধরনের প্রস্তুতি চলছে। মূল দলের পাশাপাশি মহিলা বিভাগও সমানতালে কাজ করছে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও নারী কর্মীরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।