প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সবসময় কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকেই বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে রাজধানীতে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “বিএনপি বেকার নয়, কর্মসংস্থান তৈরির সরকার। জিয়াউর রহমানের নেতৃত্বে বিদেশে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি তৈরি পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের পথও উন্মুক্ত করা হয়েছিল।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে এবং নিম্নআয়ের পরিবারগুলোর সহায়তায় ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। পরিকল্পিতভাবে উসকানি দিয়ে ‘মব কালচার’ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী মত প্রকাশের স্বাধীনতার আড়ালে কুৎসা রটনা করছে এবং সামাজিক মাধ্যমে সংগঠিত অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি।”
তিনি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব সবার ওপরই পড়বে।