জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কার্যক্রম ও সংসদে কথা দেখে আমাদের মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমদ) প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাই সঠিকভাবে পালন করছেন না।
বৃহস্পতিবার (২১ মে) তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, আমরা ইদানীং দেখছি সীমান্তে হত্যা, ধর্ষণ থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময় বারবার শুনেছি- এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিই বলতেন, নির্বাচিত সরকার এলে সবকিছু পরিবর্তন হবে।
কিন্তু দুঃখজনক, নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দেশে যে নৃশংসভাবে শিশু ধর্ষণ ও হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য শঙ্কার। প্রত্যেক নাগরিক জীবনের জন্য শঙ্কার।
তিনি বলেন, নারীদের এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে একধরনের ভয় ও আতঙ্কের মধ্যে পড়তে হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দেবেন। এ ক্ষেত্রে যদি বিরোধীদলের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমরা সহযোগিতা করতেও প্রস্তুত।
এনসিপির মুখপাত্র বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এসে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণভোটের রায় থেকে শুরু করে সবকিছুকেই একধরনের ধূলিসাৎ করে দিচ্ছে। তারা তাদের ৩১ দফা, তারা তাদের ইশতেহার- সেটাও মানছে না।
কিন্তু তাদের ওভার কনফিডেন্স দেখে আমাদের মনে হতো- তারা হয় অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রে বা প্রশাসন, সরকার পরিচালনার ক্ষেত্রে সফল হবে। কিন্তু সেখানেও তারা খুব বাজেভাবে ফেল করছে।
তিনি বলেন, ‘শুনছি এখন মন্ত্রণালয়েও কমান্ডিং অথরিটি হয়ে গেছে তিন-চারজন। একজন হচ্ছেন- যিনি উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি, মন্ত্রী, প্রতিমন্ত্রী। আবার প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিরাও আছেন, যারা হয়তো পরিচালনা করেন। এ জন্য প্রশাসন কনফিউশনের মধ্যে থাকে। তারা আসলে কার কথা শুনবে!’
জ্বালানি তেলের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি, এবার যে বৈশিক তেলের সংকট। সেটাকে ম্যানেজ করতে সরকার কীভাবে ব্যর্থ হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব মাজহারুল ইসলাম রানার সঞ্চালনায় সেমিনারে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এ সময় স্থানীয় এনসপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।