চট্টগ্রামে জুলাই গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে শিক্ষার্থীরা গ্রাফিতি আঁকতে গেলে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের কর্মীদের আচরণ ছিল অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। প্রশাসনের উচিত ছিল পরিস্থিতি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল উপায়ে মোকাবিলা করা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জামায়াত নেতার অভিযোগ, দেশে বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তিনি বলেন, সরকারের ব্যর্থতা ও জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করার কারণেই হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
বিবৃতিতে বগুড়া, সুন্দরবন, ফরিদপুর, নোয়াখালী, মাদারীপুর, কক্সবাজার ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়। নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় দলটি।