জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ এখনো সরকারের কিছু ভালো দিকের কথা বলছে। কিন্তু মাত্র চার মাসে মেঘনা উপজেলায় চারটি হত্যাকাণ্ড ঘটেছে। একটি উপজেলায় এত অল্প সময়ে চারটি খুন হওয়া উদ্বেগজনক। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করছেন?”
তিনি আরও বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, আবার কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। অথচ নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব ও পরিস্থিতি নিয়ে তার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।