জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারলে প্রথম আঘাত আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর। শনিবার (১৬ মে) রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, “শেখ হাসিনা উকিঝুঁকি দিচ্ছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে। সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনা দেশে আসতে পারলে প্রথম গুলি চালানো হবে তারেক রহমানের ওপর।” তিনি অতীত রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে জিয়াউর রহমান হত্যার ঘটনাও উল্লেখ করেন।
সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, সরকারি কার্ডে টাকা না এলে জনগণ সরকারকে “লাল কার্ড” দেখাবে। একই সঙ্গে সংস্কার বাস্তবায়ন না হলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, দেশে “ভারতকেন্দ্রিক বাহিনী” সক্রিয় রয়েছে এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাজশাহীর পানি সংকটের প্রসঙ্গ তুলে পদ্মায় পানি নিশ্চিত করার দাবিও জানান তিনি।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনের পর অল্প সময়েই বিএনপির প্রতি মানুষের আস্থা কমতে শুরু করেছে।