জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ মে) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী কারিনা কায়সার ভারতের ভেলোরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে এনসিপি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় কারিনা কায়সার সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন। আন্দোলনের শুরু থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এনসিপি জানায়, ন্যায়বিচার, অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কারিনা কায়সারের সোচ্চার ভূমিকা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আন্দোলনের সময় তিনি ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে একটি শক্তিশালী নৈতিক কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি শুধু একজন সংস্কৃতিকর্মী ছিলেন না; অন্যায়ের বিরুদ্ধে সাহসী ও নৈতিক অবস্থান নেওয়া একজন প্রতিবাদী কণ্ঠ হিসেবেও মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।