সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) থেকে আগামী ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো যাবে না। এছাড়া উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নগরবাসীকে উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো এবং গণ-উপদ্রব সৃষ্টি করতে পারে—এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শোকের পরিবেশ বজায় রাখতে এবং জনশৃঙ্খলা রক্ষায় এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালনের মর্যাদা রক্ষায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কাম্য। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে শান্ত ও সংযত পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।