রোববার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে ওমর হাদি বলেন, ওসমান হাদির পরিবার কিংবা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা বা অনুদান চাওয়া হচ্ছে না। তার ভাষায়, “আমাদের একটাই দাবি—ওসমান হাদির যে অসমাপ্ত বিপ্লব, সেটি আপনারাই সমাপ্ত করবেন। ইনসাফের বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আপনারা যেন শান্ত না হন।”
তিনি আরও বলেন, যদি উপস্থিত সবাই রাজি থাকেন, তবে তার সঙ্গে একটি অঙ্গীকার করতে হবে—ওসমান হাদি যে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি দাবি করেন, ওসমান হাদি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলনে নেমেছিলেন এবং সেই আন্দোলনের কারণেই তাকে শহীদ হতে হয়েছে।
ওমর হাদি আবেগঘন কণ্ঠে বলেন, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেনি। একই অবস্থায় রয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও। “আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারিনি। প্রতিদিন মনে হয়, বিচার না হলে এই শোক আরও ভারী হয়ে উঠবে,”—বলেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত নেতারা শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, বিচারহীনতা চলতে থাকলে ভবিষ্যতে এমন রাজনৈতিক হত্যাকাণ্ড আরও বাড়বে, যা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদির আদর্শ ও সংগ্রাম স্মরণ করেই তার অসমাপ্ত বিপ্লবকে এগিয়ে নিতে হবে, তবেই তার আত্মত্যাগ সার্থক হবে।