ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এই আহ্বান জানান।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মাঠপর্যায়ে সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিটি দিক সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।