খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অনুষ্ঠানের সাইডলাইনে দুই নেতার মধ্যে পারস্পরিক সৌজন্য বিনিময় হয়। এ সময় প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজ নেন ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান। এর আগে তিনি একই গাড়িতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনানিবাসে যান। সঙ্গে ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার।
অনুষ্ঠানে আরও যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এবং সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
গত বছরও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত সেনাকুঞ্জের একই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।