সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মৌলভীবাজারে একটি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে শহরের শাহ মোস্তফা রোডে অবস্থিত খালেদা রাব্বানীর বাসভবনে যান তিনি। এ সময় খালেদা রাব্বানীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সাক্ষাৎকালে তারেক রহমান কিছু সময় খালেদা রাব্বানীর সঙ্গে কাটান এবং তার চিকিৎসা ও সার্বিক শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হলো শিষ্টাচার, শ্রদ্ধাবোধ ও মানবিকতা। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া দলের দায়িত্বশীলতার পরিচয় বহন করে।
তিনি আরও জানান, সাক্ষাৎকালে খালেদা রাব্বানী আবেগাপ্লুত হয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পুরোনো কিছু ছবিও দেখান। এ সময় উপস্থিতদের মধ্যে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।