মানবতাবিরোধী অপরাধের বিচার করতে দেড় দশক আগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, আজ সেই আদালতেই নিজের ফাঁসির রায় শুনলেন তিনি। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারত আশ্রয়ে যান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। আদালতের সমন জারি সত্ত্বেও হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে।
২০১০ সালে প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, তার লক্ষ্য ছিল ১৯৭১ সালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার। সেই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামী ও বিএনপির ডজনখানেক শীর্ষ নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে দণ্ড কার্যকর করা হয়। তবে তখন বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দেশ-বিদেশে সমালোচনাও হয়।
বিচারকার্য চলার সময় বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এক পর্যায়ে আদালতকে উদ্দেশ করে বলেছিলেন,
“জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…”। তার মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক দশ বছর পর সেই একই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলো—যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনিবার্য ও প্রতীকী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রইল।