অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড থেকে প্রধান উপদেষ্টার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। জাতির উদ্দেশে এই ভাষণে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সংস্কার, নির্বাচন আয়োজন ও গণভোট প্রস্তুতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, এবং গণভোটকে ঘিরে বিভ্রান্তি দূর করাই এই ভাষণের মূল উদ্দেশ্য। ভাষণে তিনি জনগণকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাবেন এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা পরিষ্কার করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে ড. ইউনূস কয়েক দফা প্রশাসনিক বৈঠক করেছেন এবং সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কারই টেকসই হবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতির উদ্দেশে এই ভাষণ হতে পারে ড. ইউনূস সরকারের নীতি ও কর্মপরিকল্পনা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা, যা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করবে।