বাংলাদেশ পুলিশের একাডেমি সারদা থেকে ডিআইজি এহসানুল্লাহর পলায়নের খবর পাওয়া গেছে। গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বরিশালের সাবেক পুলিশ সুপার, বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে। বুধবার সকালে তাকে আটক করার জন্য পুলিশের একটি বিশেষ দল একাডেমিতে অভিযান চালায়। অভিযানের সময় তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “গত বুধবার থেকে ডিআইজি এহসানুল্লাহ একাডেমিতে অনুপস্থিত আছেন। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, ঢাকার একটি বিশেষ টিম এহসানুল্লাহকে গ্রেপ্তারের জন্য একাডেমিতে আসছেন, এমন খবর পেয়ে তিনি আগে থেকেই সতর্ক হয়ে যান। পরে মোটরসাইকেলে একাডেমি এলাকা ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে গেছেন।
সূত্রটি আরও জানায়, ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের তদন্ত চলমান ছিল। তার পলায়নের ঘটনায় বাংলাদেশ পুলিশ একাডেমি ও সদর দপ্তরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।