বাংলাদেশে সফররত পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক রবিবার সচিবালয়ে বাণিজ্য, টেক্সটাইল ও পাট এবং বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধি দল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, নতুন বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করা এবং উভয় দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের, এখন সময় এসেছে এই সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আরও শক্তিশালী করার। তিনি বলেন, দেড় দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পুনরায় চালু হয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে ব্যবসা-বাণিজ্যে সুবিধা বাড়ানো জরুরি।
পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। উন্নত সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাতে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন।