প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব বাকশাল কায়েম করেও যা করতে পারেননি, তার মেয়ে শেখ হাসিনা সেটিই করেছেন—একটি ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করে।”
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “তৎকালীন সময়ে সব সংবাদমাধ্যম একসাথে একই বয়ান তৈরি করত। শেখ হাসিনা এমনভাবে বাকশাল কায়েম করেছেন, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি স্তব্ধ ছিল। কোনো ইংরেজি দৈনিকই তার বিরুদ্ধে লেখার সাহস দেখাতে পারেনি।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকারের সময়ে দমন-পীড়নের যে ভয়াবহতা ছিল, তা ইংরেজি সংবাদমাধ্যমে আসা উচিত ছিল। কিন্তু তখন সবার ওপর একটি নির্দিষ্ট ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবাদ করা তখন অপরাধ হিসেবে বিবেচিত হতো। অথচ সেটাই ছিল ন্যায়ের কাজ।”
প্রেস সচিব উল্লেখ করেন, “সেই সময়ে নয়া দিগন্ত দাঁড়িয়ে ছিল—এটা নিজেই ছিল এক ধরনের জিহাদ। কারণ বাকিরা সবাই নীরব ছিল।”
তিনি শেখ হাসিনার শাসনামলের ঘটনাগুলো ইতিহাসে লিখে রাখার আহ্বান জানিয়ে বলেন, “যেভাবে ফ্যাসিবাদী সময়ের বাস্তবতা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে, সেই গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের জানা উচিত।