ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন,
“আমরা দেশের সকল টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন, যাতে দেশের প্রতিটি নাগরিক এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে।”
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন,
“যেখানেই থাকুন—বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে—এই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে সরাসরি যুক্ত হোন এবং জাতীয় ঐক্যের অংশীদার হোন।”
অধ্যাপক ইউনূস আরও বলেন,
“আমাদের রাজনৈতিক, ধর্মীয় কিংবা জাতিগত পার্থক্য থাকলেও আমরা সবাই একই জাতি, একই স্বপ্নে ঐক্যবদ্ধ। এটি এমন এক সময় যখন আমরা একসঙ্গে উদযাপন করবো আমাদের ঐক্যের শক্তি, নতুন প্রেরণা ও আশার সূচনা।”
প্রধান উপদেষ্টা তার বার্তায় এটিও উল্লেখ করেন,
“জুলাই জাতীয় সনদ শুধু একটি দলিল নয়, এটি আমাদের জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা, যা নতুন প্রজন্মকে মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করবে।”
বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।