ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,
“২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেই বদনাম ঘোচানোর একটি সুযোগ তৈরি হয়েছে।”
শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন,
“আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবে পুলিশ।”
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্র্যাবের পক্ষ থেকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ক্র্যাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি, ২০২৪ সালের নবনির্বাচিত কমিটির নেতা এবং চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক্র্যাব সদস্যদের সন্তানদেরও সম্মাননা জানানো হয়।
ডিএমপি কমিশনার বলেন,
“ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয়। ডিএমপি সব সময় ক্র্যাবের পাশে রয়েছে। আমার অবস্থান থেকে যতদূর সম্ভব আমি আপনাদের পাশে থাকব।”
তিনি আরও উল্লেখ করেন,
“জুলাই আন্দোলনে পুলিশের অনেক সদস্য মারা গেছেন, পুলিশের বিভিন্ন স্থাপনারও ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে পুলিশের মনোবলের। আমরা সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের মনোবল পুনরুদ্ধার করতে পেরেছি।”
অনুষ্ঠানে ক্র্যাবের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানান। এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ এবং কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।