ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হজ কার্যক্রমে কেউ ঘুষ বা দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। তিনি বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজে কোনো কর্মকর্তা বা কর্মচারী ঘুষ নিলে, তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
ধর্ম উপদেষ্টা আরও জানান, হজযাত্রীদের জন্য উড়োজাহাজের ভাড়া কমানোর চেষ্টা চলছে এবং এই প্রক্রিয়ায় হাবের প্রতিনিধিদের সম্পৃক্ত রাখা হবে। তিনি বলেন, “সব সিদ্ধান্তে হাবের মতামত থাকবে, যেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত হজ মৌসুমে কিছু এজেন্সি জেদ্দা বিমানবন্দরে জর্দা ও তামাক সরবরাহ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সৌদি আইনে এগুলো মাদক হিসেবে বিবেচিত হওয়ায় হাজিদের হয়রানির শিকার হতে হয়েছে।
এছাড়া, এক হজ এজেন্সি মালিকের বিরুদ্ধে হাজির মাধ্যমে ২ কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের অভিযোগও তোলেন তিনি, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে।
তিনি হাব সদস্যদের প্রতি আহ্বান জানান, এসব অনিয়ম বন্ধে সক্রিয় ভূমিকা রাখতে এবং দেশের সুনাম রক্ষায় সচেতন থাকতে।
অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।