বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজযাত্রীদের ব্যয় কমাতে বিমান ভাড়া ও আবাসন খরচ কমানোর বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও উমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার আয়োজন করেছে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
প্রতিমন্ত্রী জানান, গত বছর প্রতি হজ টিকিটে প্রায় ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছিল। এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
তিনি বলেন, হজের সামগ্রিক ব্যয় কমাতে সৌদি আরবে বিমানবন্দরের নির্মাণ কর হ্রাসের জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। পাশাপাশি বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। হজযাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষ হজ এজেন্সিগুলোর বিভিন্ন হজ ও ওমরাহ প্যাকেজ, প্রয়োজনীয় তথ্য, বিশেষজ্ঞদের পরামর্শ এবং নির্বাচিত প্যাকেজে বিশেষ ছাড়ের সুযোগ থাকছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা পরিদর্শন করতে পারবেন।