জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান নেওয়া দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে হঠাৎ চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সব ধরনের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। শনিবার বিকেলে পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে লাল রঙের প্রতীকী ব্যবহার করে পত্রিকা প্রকাশের পর জুলাই বিপ্লবের পক্ষে থাকা সব সাংবাদিককে চাকরিচ্যুত করেছেন সম্পাদক শামিমা এ খান।

পোস্টে আরও বলা হয়, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, এই অবস্থায় যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা প্রকাশ করেন তবে সেটি তাদের ব্যক্তিগত দায়িত্বে হবে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে দৈনিক জনকণ্ঠের প্রকাশনা আপাতত স্থগিত রয়েছে বলে জানা গেছে।