সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে আটক রাখার শুনানিতে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তারেক জুবায়েরকে শোকজ করেছে আদালত। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে আত্মপক্ষ সমর্থনে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ।
আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গত ২৪ জুলাই এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ডিএমপির অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়ের বিচারককে ফোন করে আসামিকে প্রিজনভ্যানে রেখেই শুনানি করার জন্য চাপ দেন। বিচারক এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আদালতের মর্যাদা ক্ষুণ্ন হতে না দেওয়ার কথা বলেন।
আদেশে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে বিচারক আসামিকে হাজির করতে কত সময় লাগতে পারে জানতে চাইলে ডিসি জানান, তিনি তা বলতে পারবেন না। আনুমানিক সময় জানানোর অনুরোধ করলেও তিনি অপারগতা প্রকাশ করেন এবং এ বিষয়ে কথা বলতেও অস্বীকৃতি জানান। এমন আচরণকে আদালত ধৃষ্টতা ও ঔদ্ধত্যের পরিচয় বলে মন্তব্য করেছে।
বিচারকের পর্যবেক্ষণ অনুযায়ী, পুলিশের এই অসহযোগিতা দণ্ডবিধির ১৭৬, ১৭৯ ও ২২৮ ধারায় শাস্তিযোগ্য এবং আদালত অবমাননার শামিল। কেন তারেক জুবায়েরের বিরুদ্ধে আদালত অবমাননার বিচারিক কার্যধারা শুরু হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তার ব্যাখ্যা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে।
এ বিষয়ে তারেক ডিসি জুবায়ের বলেছেন,
“আমি অফিসিয়ালি কিছু জানি না। আদালত অবমাননার কোনো ঘটনা ঘটেনি।”