২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানজিদা আহমেদ তন্বি জানিয়েছেন, ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘রাজাকারের নাতিপুতি’ মন্তব্যের প্রতিবাদে নারী শিক্ষার্থীরা রাতেই তাকে ‘লাল কার্ড’ দেখায়।
ওই রাতেই রোকেয়া হল থেকে তালা ভেঙে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে সমবেত হন। “তখন সবাই হাতের কাছে যা পেয়েছে, তা দিয়েই সাউন্ড করে স্লোগানে মুখর হয় রাজপথ,” বলেন তিনি।
১৫ জুলাই ছাত্রলীগের নৃশংস হামলায় সানজিদা নিজে রক্তাক্ত হন। হামলাকারীরা তাকে লাঠি ও ইট দিয়ে আঘাত করে। “চোখের নিচে ইটের টুকরো লাগে, চশমা ভেঙে যায়, দেখতে পারছিলাম না, মাথা ঝাঁপসা হয়ে যাচ্ছিল,” বলেন তিনি। হামলার পর তাকে সহপাঠীরা রিকশায় তুলে হাসপাতালে পাঠায়।
সেই রক্তাক্ত ছবি ভাইরাল হয় এবং আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। “আমার সেই ছবিটি ব্যানারে ছাপিয়ে মাদারীপুরের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সেদিন পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় দীপ্ত দে নামে এক শিক্ষার্থী লেকে ঝাঁপ দিয়ে মারা যান। তার প্রতি আজীবন শ্রদ্ধা থাকবে,” বলেন সানজিদা।
তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন। তার মতে, নারী শিক্ষার্থীদের সাহসিকতাই আন্দোলন ছড়িয়ে দিতে সহায়ক হয়েছিল।
গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ নিয়ে তিনি বলেন, “এই আন্দোলনে শহর-গ্রাম, ধনী-গরিব সবার অংশ ছিল। আমরা চাই সবাইকে সমান মর্যাদা দেওয়া হোক, নারীদের সম্মান রক্ষা হোক, দুর্নীতি বন্ধ হোক, আর জনগণের কণ্ঠ রুদ্ধ না হোক।”
তন্বি বলেন, “আমার রক্তের মূল্য ছিল—আরও অনেকের সাহস পাওয়া। এজন্য আজও গর্ববোধ করি।”