পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীর আহমেদের দুটি স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। প্রতিটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। এছাড়াও যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তার চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশও দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে এই আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এসব সম্পদ তিনি পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
দুদকের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়, বেনজীর ও তার স্বজনরা এই সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে মামলার কার্যক্রম চলাকালে রাষ্ট্রীয় স্বার্থে এগুলো জব্দ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে এই আদেশ দেন। দুর্নীতির অভিযোগের বিষয়ে বেনজীর আহমেদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।