মৌলভীবাজার প্রতিনিধি:
ভোরের কুয়াশা কাটতে না কাটতেই বাগানে শুরু হয় কর্মযজ্ঞ। নারী শ্রমিকদের হাতে ছুটে চলে দুটি পাতা একটি কুঁড়ি। সেই কাঁচা পাতা বাগান থেকে কারখানায় পৌঁছাতেই শুরু হয় আরেক যুদ্ধ। উৎপাদনের কঠিন সব ধাপ পেরিয়ে নিলামের জন্য ৫০ কেজির বস্তায় চা ভরে প্রস্তুত করা হচ্ছে। এভাবেই কারখানায় প্রতিদিন বিরামহীনভাবে উৎপাদিত হচ্ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান এই পণ্য।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল আর কমলগঞ্জ মানেই চায়ের রাজধানী। দেশের মোট চা উৎপাদনের সিংহভাগই আসে এই দুই উপজেলা থেকে। সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত বাগানের প্রতিটি সেকশনে চলে পাতা তোলার উৎসব। বাগান থেকে তোলা পাতা দ্রুত কারখানায় না আনলে নষ্ট হয়ে যায় স্বাদ আর ঘ্রাণ। তাই সময়ের সাথে পাল্লা দিয়ে চলে এই লড়াই।
কারখানায় ঢুকলেই ভেসে আসে কাঁচা পাতার সতেজ গন্ধ। এরপর ধাপে ধাপে চলে প্রক্রিয়াকরণ।
প্রথমে উইদারিং – পাতা থেকে পানি ঝরিয়ে নরম করা হয়।তারপর রোলিং – পাতাকে মোচড় দিয়ে রস বের করা হয়, এখানেই তৈরি হয় চায়ের আসল রঙ।এরপর ফার্মেন্টেশন – নির্দিষ্ট তাপমাত্রায় পাতা রেখে আনা হয় কাঙ্ক্ষিত লালচে রঙ আর ঘ্রাণ।
তারপর ড্রায়িং- আগুনের তাপে শুকিয়ে পাতাকে করা হয় সংরক্ষণযোগ্য।
সবশেষে সর্টিং ও গ্রেডিং- ছোট-বড়, দানা অনুযায়ী আলাদা করা হয় চা।
প্রতিটি ধাপে একটু ভুল হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো ব্যাচের চা। তাই কারিগরদের চোখ থাকে কড়া নজরদারিতে।
উৎপাদনের জটিল সব প্রক্রিয়া শেষে নিলামের জন্য ৫০ কেজি ওজনের বস্তায় চা ভরা হচ্ছে। একটি বস্তা সিলগালা মানেই একজন শ্রমিকের ঘাম, একজন ম্যানেজারের নজরদারি আর একটি বাগানের পুরো দিনের পরিশ্রম বন্দি হয়ে গেল।
এভাবেই দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান এই অর্থকরী ফসল কারখানায় প্রতিদিন বিরামহীনভাবে উৎপাদিত হচ্ছে। বাগান থেকে কারখানা – উৎপাদনের কঠিন সব ধাপ পেরিয়ে চা এখন নিলামের জন্য প্রস্তুত। ৫০ কেজির প্রতিটি বস্তায় ভরা হচ্ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম এই সোনালি সম্পদ।
চট্টগ্রামের চা নিলাম কেন্দ্রে যাওয়ার আগে এই বস্তাগুলোই যাচাই করা হয়। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও পাড়ি জমায় শ্রীমঙ্গল-কমলগঞ্জের চা।
এই শিল্পের প্রাণ শ্রমিকরা। যারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানে আর কারখানায় খাটেন, তাদের নামটা হয়তো বস্তার গায়ে লেখা থাকে না। কিন্তু প্রতিটি কাপ চায়ের স্বাদের পেছনে তাদের হাতের ছোঁয়া আছে। শ্রমিকরা বলছেন, মজুরি বাড়লে আর সুযোগ-সুবিধা বাড়লে এই শিল্প আরও এগিয়ে যাবে।
উৎপাদনের সব ধাপ শেষে ৫০ কেজির বস্তায় নিলামের জন্য প্রস্তুত করা হচ্ছে চা। কারখানার এই বিরামহীন কর্মযজ্ঞেই তৈরি হচ্ছে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান পণ্য।
চা বোর্ড জানায়, উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান, আধুনিক কারখানা ব্যবস্থাপনা, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে কাজ করছে বোর্ড। বিশেষ করে শ্রীমঙ্গল-কমলগঞ্জের চায়ের ব্র্যান্ডিং ও আন্তর্জাতিক বাজারে এর সুনাম ধরে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
চা বোর্ডের ভাষ্য, বাগানগুলো যদি উৎপাদনের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ বজায় রাখে, তাহলে ৫০ কেজির প্রতিটি বস্তাই দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের বড় হাতিয়ার হয়ে উঠবে।
এক কাপ চা শুধু পানীয় নয়, এটা শ্রীমঙ্গল-কমলগঞ্জের হাজার হাজার মানুষের জীবিকা, ঘাম আর স্বপ্নের গল্প।