জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দুই কোম্পানিতে নতুন পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে।
১৭ আগস্ট ২০২৬ তারিখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্র অনুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালক হিসেবে মোঃ বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তারা সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত পত্রটি বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) বরাবর পাঠানো হয়েছে।