প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ জুন) সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন। এর আগে আদালতের জারি করা সমন উপেক্ষা করে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ সংক্রান্ত মামলায় আহমেদ জোবায়ারসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। এ উদ্দেশ্যে গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমন জারি করেন।
পরবর্তীতে ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সমন জারির বিষয়টি নিশ্চিত করে। তবে নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।