বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা আলোচিত ইস্যুর মধ্যে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আসন্ন সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে আলোচনায় থাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সংবেদনশীল ইস্যু দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে প্রাণহানি, অভিন্ন নদীর পানির হিস্যা এবং পুশ-ইনের অভিযোগ অন্যতম। এসব বিষয় ছাড়াও ভবিষ্যৎ দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক বৈঠকে উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম এ সাক্ষাৎকে তাই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়েও বৈঠক থেকে কোনো বার্তা আসে কি না, সেদিকে নজর থাকবে।