৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তার দাবি, একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। আশুলিয়ায় বোমাভর্তি একটি ব্যাগ উদ্ধারের ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সময় উগ্রবাদী গোষ্ঠী নাশকতা বা অপকর্মের চেষ্টা করলেও আইন প্রয়োগকারী সংস্থাগুলো তা মোকাবিলায় সক্রিয় রয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকার একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বেনজীর আহমেদের কাছে অন্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।