প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সম্প্রসারণ এবং প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
আলোচনায় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে আরও কার্যকরভাবে সম্প্রসারণ এবং এর আওতায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অন্তর্ভুক্তির উপায় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এ সময় তৃণমূল পর্যায়ের মানুষের ক্ষমতায়ন, সরকারের বিভিন্ন নীতিগত অগ্রাধিকার এবং সেগুলোর কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জনকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিকও উঠে আসে।
বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে গেইল এইচ মার্টিন, ধ্রুব শর্মা, আনিকা রহমান, সৈয়দ রাশেদ, আল-জায়েদ জশ এবং শ্রায়না ভট্টাচার্য উপস্থিত ছিলেন।