স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের চেতনার কথা বলে দীর্ঘদিন রাজনীতি করা সম্ভব নয়। তার ভাষায়, নতুন বন্দোবস্তের কথা বলে যদি পুরোনো রাজনৈতিক ধারায় ফিরে যাওয়া হয়, তবে সেই রাজনীতি টিকবে না।
রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘রক্তস্নাত জুলাই: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
তিনি দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধানের স্বীকৃত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। তার অভিযোগ, যারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন, তাদের অনেকেই সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেননি।