বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়া হবে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও অবহিত করেছেন। উভয় পক্ষ বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় সৌদি সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে শিক্ষা, অর্থনীতি, রাজনীতি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধি, সৌদি শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ সহজ করা এবং বিদ্যমান প্রশাসনিক জটিলতা কমানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির বিষয়ও গুরুত্ব পায়। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ-সৌদি সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।