আওয়ামী লীগ তাদের অতীত কর্মকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির ন্যূনতম অনুশোচনা থাকলে তারা পুনরায় রাজনীতি করার কথা ভাবত না।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সহযোগীরা পৃথিবীর যে দেশেই অবস্থান করুক না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো সরকার আবার ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করতে হবে।
দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতিকে আর কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ব্যক্তি বা দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।
ছাত্রদল আয়োজিত এ আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ১৫টি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আন্দোলনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে কোনো ব্যক্তি বা দলের একক কৃতিত্বের সুযোগ নেই; এটি ছিল দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলন।
সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রলীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ছাত্রদলসহ বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।