ঢাকা থেকে ভারতের চেন্নাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) আংশিক বিকল থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। রোববার (১২ জুলাই) ইউএস-বাংলার বিএস-২০৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটিতে ১৮৮ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া রোগী ও তাদের স্বজনের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য।
নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়। যাত্রীদের অভিযোগ, উড়োজাহাজে ওঠার পর থেকেই কেবিনের পরিবেশ ছিল গরম ও গুমোট। এসি ঠিকমতো কাজ না করায় অনেক যাত্রী কাগজ ও হাতপাখা দিয়ে বাতাস করে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন।
একজন হাঁপানি রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে কেবিন ক্রুরা তাকে অক্সিজেন দেন। যাত্রীরা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও পুরো যাত্রাপথে এসি স্বাভাবিকভাবে চালু হয়নি।
এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বিভিন্ন কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছিল। তিনি বলেন, উড়োজাহাজের এসি সচল থাকলেও সেটি শতভাগ কার্যকর ছিল না।