মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ হিসেবে পালন করা হবে। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তোলেন, যা গণ-আন্দোলনের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দিবসটি উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গানের আয়োজন থাকবে, যেখানে শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
ইশরাক হোসেন আরও জানান, ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে স্মরণ করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’ শিরোনামে এ প্রদর্শনী চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের প্রাঙ্গণ অথবা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে আয়োজন করা হতে পারে।
এ ছাড়া ২৪ জুলাই যাত্রাবাড়ী এলাকায় গড়ে ওঠা প্রতিরোধের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় জনগণ, ছাত্র-জনতা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েক দিনব্যাপী অবরোধ কর্মসূচি পরিচালিত হয়েছিল। এসব কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের ঘটনাবলি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।