তেহরানে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায় বলে জানানো হয়েছে।
সাক্ষাৎকালে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সুযোগগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
বাংলাদেশের স্পিকার দুই দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন প্রক্রিয়া দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদারে সহায়ক হবে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে তেহরানে অবস্থান করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বাংলাদেশের পক্ষ থেকে দাফন অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।