আইন সাংবাদিকতাকে বিচারব্যবস্থা ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, সংবিধানের প্রাধান্য, আইনের শাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। সরকার এ লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে এবং বিচারব্যবস্থার আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ, আইনজীবী এবং আইন বিষয়ক সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর করা সম্ভব।
রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্সদের আদালতের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। পাশাপাশি সহজ ভাষায় জনগণকে আইন বিষয়ে সচেতন করায় তাদের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেন।
তিনি আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং অপতথ্য, ভ্রান্ত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।