বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে বাংলাদেশের ডিজিটাল খাতের উন্নয়ন, সেবার সহজলভ্যতা এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বাস।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন স্বাধীন জানান, আলোচনায় দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়টি গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে হবে এবং ইন্টারনেট সেবার মূল্য আরও কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।