রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছে।
রোববার (২৮ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শুনানির পর নতুন তারিখ নির্ধারণ করে আগামী ১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, মামলার চার্জ গঠন বিষয়ে আজ শুনানির দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে, গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মামলাটি বিচারিক আদালত হিসেবে ঢাকার বিশেষ জজ-৫-এ বদলির নির্দেশ দেন। গত ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ১৫ এপ্রিল মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন।
তদন্ত শেষে চলতি বছরের ১১ ডিসেম্বর দুদক দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।