জাতীয় সংসদে স্পিকারকে নাম ধরে সম্বোধন করায় আপত্তির মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
বক্তব্যের একপর্যায়ে আন্দালিব রহমান পার্থ স্পিকারকে ‘হাফিজ সাহেব’ বলে সম্বোধন করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানতে চান, তিনি কাকে উদ্দেশ করে এ কথা বলেছেন। এরপরই পার্থ নিজের বক্তব্য সংশোধন করে বলেন, “সরি, স্পিকার সাহেব,” এবং দুঃখ প্রকাশ করেন।
পরে বাজেট আলোচনা অব্যাহত রেখে তিনি নিজের নির্বাচনি এলাকা ভোলার উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। ভোলায় বিপুল গ্যাসের মজুদ থাকার কথা উল্লেখ করে তিনি হাসপাতাল, বিমানবন্দর ও সেতুসহ অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, প্রতিবন্ধীদের সহায়তা, স্টার্টআপে প্রণোদনা এবং কিছু ওষুধের দাম কমানোর উদ্যোগ সাধারণ মানুষের জন্য ইতিবাচক হবে। একই সঙ্গে তিনি বিগত সরকারের দুর্নীতির সমালোচনা করেন এবং বর্তমান সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।