দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমাতে ২০২৭ সাল থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একটি দেশ, একটি শিক্ষা মন্ত্রণালয় এবং একই সিলেবাস থাকা সত্ত্বেও ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের যৌক্তিকতা নেই। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে বাংলা, ইংরেজিসহ সাধারণ বিষয়গুলোতে মাদ্রাসা ও কারিগরি বোর্ডও এই ব্যবস্থার আওতায় আসবে।
তিনি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে বলেন, প্রশ্নপত্র সরবরাহ ও বিতরণে কোনো ধরনের ভুল বা কোড বিভ্রাট হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।