জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময় ও সংসদীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে বাণিজ্য, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি বাংলাদেশে ইরানের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।
পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী রপ্তানির প্রস্তাব দেন এবং বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে আগ্রহের কথা জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সংসদীয় টিম গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও ইরান উভয় দেশই উপকৃত হবে।
বৈঠকে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন, সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি এবং সংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।