ভারত ও বাংলাদেশের সম্পর্ককে প্রতিবেশীসুলভ ও স্থায়ী বন্ধুত্বের ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো বিচ্ছেদ সম্ভব নয়।
জিএম সিরাজ বলেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে পরস্পরের ঘনিষ্ঠ প্রতিবেশী। তাই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সংসদে বক্তব্যকালে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি এ ধরনের পরিস্থিতির কারণ খুঁজে দেখার আহ্বান জানান।
ভারতের ‘পুশ-ইন’ বা সীমান্ত দিয়ে লোকজন পাঠানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বন্ধ হওয়া প্রয়োজন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবাহ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে জিএম সিরাজ দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।