ভারতের পররাষ্ট্রনীতিকে ‘শোচনীয়’ আখ্যা দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, প্রতিবেশী অধিকাংশ দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। দেশটির পররাষ্ট্রনীতির নেতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে আন্দালিব রহমান বলেন, ভারতের বর্তমান পররাষ্ট্রনীতি অত্যন্ত শোচনীয়। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো অবস্থায় নেই। এর প্রভাব বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সম্পর্কে পড়ছে।
তিনি আরও বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমে এসব কর্মকাণ্ডের প্রতি সমর্থন দেওয়ার বিষয়গুলোও একই পররাষ্ট্রনীতির প্রতিফলন।
শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে ফেরার ক্ষেত্রে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই। তবে প্রত্যাবর্তনের জন্য প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আইনের বাইরে গিয়ে দেশে ফেরার সুযোগ নেই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত এলাকা পরিদর্শনের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা কোনো কার্যকর পদক্ষেপ নেননি।
বরং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিষয়টি আলোচনায় রাখা হচ্ছে। একদিকে বিমানে দেশে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। এমন পরস্পরবিরোধী অবস্থান জনমনে বিভ্রান্তি তৈরি করছে।
আন্দালিব রহমানের মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, সে বিষয়ে আওয়ামী লীগ নেতাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে।
দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দেশের স্বাভাবিক পরিবেশ এবং রাজনৈতিক সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করছে। তবে আওয়ামী লীগ এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছে না।
বিরোধী দলের সঙ্গে সরকারের সম্পর্ক, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামগ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও দাবি করেন তিনি। এ সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, গুম ও ব্যাংক লুটের মতো ঘটনা বন্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।