কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের পর এবার কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কারাগারের জেল সুপারের বাসভবনের পাশের কারারক্ষীদের আবাসিক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কারাগারের প্রধান ফটক ও আবাসিক এলাকায় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় কারা কর্তৃপক্ষ, কারারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুটি ঘটনায়ই কেউ হতাহত হননি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা কারাগারের পূর্ব-দক্ষিণ পাশের প্রাচীরের ওপর দিয়ে দুর্বৃত্তরা টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল বোমা নিক্ষেপ করে।
বোমাটি প্রাচীর পেরিয়ে ভেতরে প্রবেশের পর একটি গাছের ডালে আঘাত লেগে কারারক্ষীদের আবাসিক ভবনের টিনের চালের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। হঠাৎ বিস্ফোরণের শব্দে আবাসিক এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারের দক্ষিণ পাশের জেলখানা মোড় এলাকায় শশী অটো হাউজের পাশের একটি ফাঁকা জায়গা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়েছে। জায়গাটি অনেকটা পরিত্যক্ত ও জনশূন্য হলেও এর পাশের সড়কটি বেশ ব্যস্ত। এই সড়ক দিয়ে হাউজিং এস্টেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় মানুষ নিয়মিত যাতায়াত করেন।
এর আগে একই দিন ভোর আনুমানিক ৪টা ৫৮ মিনিটে কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে ককটেল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ওই ঘটনায়ও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
একদিনের ব্যবধানে নয়, একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে কারাগারের দুটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও কারা কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি কারাগারের আশপাশের বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে বোমা নিক্ষেপে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তার সঙ্গে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে কারারক্ষী তরিকুল ইসলাম বলেন, বিকেলের দিকে আমরা আবাসিক এলাকায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে জানতে পারি, বলের মতো টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু গাছের ডাল ও চালের ওপর পড়ে বিস্ফোরিত হয়েছে।
জেল সুপারের বাসভবনের সামনে পিঠা বিক্রি করেন সুমি। তিনি বলেন, বিকেলের দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে জানতে পারেন, কারারক্ষীদের আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম বলেন, বিকেলে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান তারা। পরে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়ে জানতে পারেন, কালিশংকপুর মোড়ের দিকে কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের চালের ওপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গাছপালার ডালপালা ও পাতার সঙ্গে বোমাটি বিস্ফোরিত হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কাউকে হতাহত হতে হয়নি।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্লাস্টিকের বস্তার সঙ্গে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একই দিনে কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক ও কারারক্ষীদের আবাসিক এলাকায় পরপর দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্বৃত্তদের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
কারাগারের মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনার সামনে ও অভ্যন্তরীণ আবাসিক এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ও কারা কর্তৃপক্ষ বলছে, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।