প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিশু-কিশোরদের মধ্য থেকেই ভবিষ্যতে বিশ্বমানের ফুটবলার তৈরি হবে। মেসি, রোনালদো কিংবা এমবাপ্পের মতো খেলোয়াড় গড়ে তুলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিশুদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু ক্রিকেট নয়, ফুটবলসহ বিভিন্ন খেলায় বাংলাদেশকে পরিচিত করে তুলতে কাজ করা হবে। পাশাপাশি গান, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াতসহ সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের সুযোগও বাড়ানো হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা অর্জন করতে হবে। একটি শক্তিশালী, সমৃদ্ধ ও পরিচিত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে।
প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ‘প্রাইম মিনিস্টারস কাপ’ চালু করা হবে। তিনি শিশুদের দেশের দূত হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীর পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশজুড়ে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়।