স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে।
শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের সহায়তায় তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে যে ধারণা ছিল, তা এখন বদলেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে, যা বাহিনীর সক্রিয় ভূমিকার প্রতিফলন।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।