পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। অন্যদিকে হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ২৬৯ জন রয়েছেন।
সৌদি আরবে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা প্রদান করা হয়েছে।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এতে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে যান।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে আগামী ৩০ জুন। নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।