দেশের ভূমি অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য রোধ এবং সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ কমিয়ে ভূমি সেবাকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করা হচ্ছে। ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, ই-পরচা, ম্যাপ সিস্টেম ও ভূমি অ্যাপের মাধ্যমে নাগরিকরা এখন অনলাইনে সেবা গ্রহণ ও আবেদন প্রক্রিয়ার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন।
ফসলি জমি রক্ষায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কৃষিজমির অপব্যবহার বা বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে ২ থেকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ১৮ লাখ একর আবাদযোগ্য কৃষিজমি রয়েছে। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে কৃষিজমি হ্রাস রোধে সরকার কাজ করছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে ৪৭৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। একই সঙ্গে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি করা হয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে আহত ১৩ হাজার ৩৪৪ জনকে নিয়মিত ভাতা দেওয়া হচ্ছে।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশের ১ লাখ ২৩ হাজার ৮৬৯ একর সংরক্ষিত বনভূমিকে কৃষিজমিতে রূপান্তরের কোনো সুযোগ নেই।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী আফরোজা খানম বলেন, প্রবাসী কর্মীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি রুটে ভাড়া কমানো হয়েছে। জেদ্দা-মদিনা রুটে ভাড়া ৫০-৫৫ হাজার টাকা থেকে কমিয়ে ২০ হাজার টাকা এবং ঢাকা-মালয়েশিয়া রুটে ২৮ হাজার টাকা থেকে কমিয়ে ২১ হাজার টাকা করা হয়েছে।